Published - 7 Hours Ago    View - 76 times

ক্যাপিটাল মেশিনারি আমদানি করলে কি ভ্যাট লাগে না? Import of Capital Machinery - VAT Exempted or Not?

ক্যাপিটাল মেশিনারি আমদানি করলে কি ভ্যাট লাগে না? Import of Capital Machinery - VAT Exempted or Not?

অনেকেই বলেন, “ক্যাপিটাল মেশিনারি আমদানি করলে ভ্যাট লাগে না।” কথাটি আংশিকভাবে ঠিক, কিন্তু পুরো বিষয়টি বুঝতে হলে এনবিআর (কাস্টমস) এর এসআরও পড়তে হবে। এনবিআর (কাস্টমস) এসআরও নম্বর ১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস, তারিখ: ২৯ মে ২০২৫ (“এসআরও” বা “এই এসআরও”) অনুযায়ী, এসআরও-এর টেবিলে উল্লেখিত নির্দিষ্ট এইচএস কোড-এর অধীনে যদি মেশিনারি, মেশিনারি পার্টস অথবা মেশিনারি ও পার্টস উভয়ই আমদানি করা হয়, তাহলে বিশেষ শুল্ক-কর সুবিধা পাওয়া যাবে।

 

এই এসআরও অনুযায়ী সুবিধাগুলো হলোঃ

 

  • কাস্টমস ডিউটি: ১% পর্যন্ত থাকবে। অর্থাৎ কাস্টমস ডিউটি যদি ১% এর বেশি হয়, তাহলে ১% এর অতিরিক্ত অংশ অব্যাহতি পাবে।
  • ভ্যাট: সম্পূর্ণ অব্যাহতি।
  • সম্পূরক শুল্ক, যদি থাকে: সম্পূর্ণ অব্যাহতি।

 


আসুন, একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝিঃ


ধরি, একটি শিল্প প্রতিষ্ঠান কারখানা স্থাপনের জন্য একটি যোগ্য ক্যাপিটাল মেশিনারি আমদানি করলো। ওই মেশিনারির নরমাল কাস্টমস ডিউটি ১০%। কিন্তু এই এসআরও-এর সুবিধা পেলে ১০% কাস্টমস ডিউটি দিতে হবে না। কাস্টমস ডিউটি শুধু ১% পর্যন্ত থাকবে। বাকি ৯% অংশ অব্যাহতি পাবে। একই সাথে, এই এসআরও অনুযায়ী ওই যোগ্য মেশিনারির উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক, যদি থাকে, অব্যাহতি পাবে। তাই সহজভাবে বলা যায়, ক্যাপিটাল মেশিনারি আমদানি করলে ভ্যাট অব্যাহতি পাওয়া যেতে পারে, কিন্তু তার জন্য এই এসআরও’তে বর্ণিত শর্তসমূহ পূরণ করতে হবে।


এখন প্রশ্ন হলো, এই সুবিধা কারা পাবে?


এই এসআরও অনুযায়ী, মেশিনারি, মেশিনারি পার্টস অথবা উভয় আমদানি করলে রেয়াতি সুবিধা প্রযোজ্য হবেঃ

  • ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ও ভ্যাট কমপ্লায়েন্ট শিল্প প্রতিষ্ঠানের জন্য; এবং

  • ভ্যাট কমপ্লায়েন্ট আমদানিকারকের জন্য।


তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে।


যদি আলাদা চালানে শুধুমাত্র মেশিনারি পার্টস আমদানি করা হয়, তাহলে এই রেয়াতি সুবিধা শুধু ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কমপ্লায়েন্ট শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।


অর্থাৎ কোন প্রতিষ্ঠান যদি নিজের কারখানার ব্যবহারের জন্য মেশিনারি পার্টস আমদানি করে এবং ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ও ভ্যাট কমপ্লায়েন্স ঠিক থাকে, তাহলে সুবিধা পেতে পারে। কিন্তু আলাদা চালানে শুধু পার্টস আমদানির ক্ষেত্রে সাধারণভাবে কমার্শিয়াল আমদানিকারকের জন্য একই সুবিধা প্রযোজ্য হবে না।

 

ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার বলতে কী বোঝায়?


যে প্রতিষ্ঠানের কাছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ইস্যুকৃত হালনাগাদ ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আইআরসি আছে, তাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার বলা হয়েছে।



ভ্যাট কমপ্লায়েন্ট বলতে কী বোঝায়?


ভ্যাট কমপ্লায়েন্ট শিল্প প্রতিষ্ঠান বা আমদানিকারক বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, যারা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অধীনে নিবন্ধিত এবং ভ্যাট সংক্রান্ত হিসাবরক্ষণ, কর চালানপত্র ও দাখিলপত্রের নিয়ম যথাযথভাবে মেনে চলছে।


অর্থাৎ,

  • প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন থাকতে হবে;

  • ১৩ ডিজিটের বিআইএন থাকতে হবে; এবং

  • বিল অব এন্ট্রি দাখিলের আগের কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিল করা থাকতে হবে।


এই তথ্য কাস্টমস কম্পিউটার সিস্টেম, ভ্যাট অনলাইন সিস্টেম, এনবিআর ওয়েবসাইট বা ভ্যাট কমিশনারেটের ওয়েবসাইটে ইলেকট্রনিকভাবে প্রদর্শিত থাকতে হবে।



এই এসআরও’তে পার্টস আমদানির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত আছে।


যদি একই চালানে মেশিনারি এবং মেশিনারি পার্টস আমদানি করা হয়, তাহলে কমার্শিয়াল আমদানিকারক মেশিনারির নিট ওজনের সর্বোচ্চ ১০% পর্যন্ত পার্টস আমদানি করতে পারবে।


উদাহরণঃ যদি মেশিনারির নিট ওজন ১০,০০০ কেজি হয়, তাহলে একই চালানে সর্বোচ্চ ১,০০০ কেজি পার্টস আমদানি করা যাবে।


 

একাধিক এলসি বা একাধিক চালানে আমদানি করা যাবে কি?


হ্যাঁ, এসআরও অনুযায়ী একই এইচএস কোডের আওতাভুক্ত প্ল্যান্ট, মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি বা পার্টস এক বা একাধিক এলসি, এক বা একাধিক উৎস দেশ এবং এক বা একাধিক চালানের মাধ্যমে আমদানি করা যাবে।


তবে একাধিক কাস্টমস স্টেশন, একাধিক এলসি, একাধিক উৎস দেশ বা একাধিক চালানের ক্ষেত্রে, প্রথম চালান খালাসের আগে এনবিআর-এর মেম্বার, কাস্টমস: পলিসি ও আইসিটি-এর কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে।


উদাহরণঃ ধরেন, একটি কোম্পানি নতুন একটি ফ্যাক্টরি স্থাপন করবে। এজন্য পুরো প্ল্যান্ট বা মেশিনারি একবারে এক দেশ থেকে এক চালানে আসছে না। মেশিনারির কিছু অংশ আসবে চায়না থেকে, কিছু অংশ আসবে জার্মানি থেকে, আর কিছু পার্টস আসবে ভারত থেকে। আবার এগুলোর জন্য একটাই এলসি না হয়ে কয়েকটা আলাদা এলসি হতে পারে। যেমনঃ
 

এলসি

উদাহরণ

প্রথম এলসি

মেইন মেশিন চায়না থেকে

দ্বিতীয় এলসি

কন্ট্রোল প্যানেল এবং কন্ট্রোল সিস্টেম জার্মানি থেকে

তৃতীয় এলসি

কিছু ইনস্টলেশন পার্টস ভারত থেকে


এই এসআর অনুযায়ী এভাবে একাধিক এলসি, একাধিক উৎস দেশ এবং একাধিক চালানে আমদানি করা যাবে। মানে, সরকার বুঝে যে বড় মেশিনারি বা প্ল্যান্ট অনেক সময় একসাথে আসে না। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন চালানে, বিভিন্ন সময়ে আসতে পারে। কিন্তু এখানে শর্ত হলো, যদি বিষয়টা একাধিক এলসি, একাধিক উৎস দেশ, একাধিক চালান বা একাধিক কাস্টমস স্টেশনের মাধ্যমে হয়, তাহলে প্রথম চালান খালাসের আগে এনবিআর-এর মেম্বার, কাস্টমস: পলিসি ও আইসিটি-এর কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে।


অর্থাৎ, আগে এনবিআরকে জানাতে হবে যে আমরা এই মেশিনারি/প্ল্যান্ট কয়েকটা এলসি ও কয়েকটা চালানে আনবো। এগুলো একই প্রকল্প/একই মেশিনারি সেটআপের অংশ। তাই এসআরও সুবিধা চাই। তারপর অনুমতি নিয়ে প্রথম চালান খালাস করতে হবে এই এসআরও-এর সুবিধা পেতে হলে।


 

আমদানি শেষ করার সময়সীমা কত?


একই এইচএস কোডের ক্যাপিটাল মেশিনারি, পার্টস বা উভয় একাধিক চালানে আমদানি করলে, প্রথম বিল অব এন্ট্রি দাখিলের তারিখ থেকে ২৪ মাসের মধ্যে সব আমদানি শেষ করতে হবে।


তবে উন্নত প্রযুক্তির বৃহৎ শিল্পের ক্ষেত্রে ২৪ মাসের মধ্যে আমদানি শেষ করা না গেলে আমদানিকারক আবেদন করতে পারে। কমিশনার প্রয়োজন মনে করলে সর্বোচ্চ ১২ মাস সময় বাড়াতে পারেন। এরপরও প্রয়োজন হলে এনবিআর মেম্বার, কাস্টমস: পলিসি ও আইসিটি আরও সর্বোচ্চ ১২ মাস সময় বাড়াতে পারেন। এরপরও প্রয়োজন হলে এনবিআর যুক্তিসঙ্গত সময় বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।


এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ কবে থেকে ২৪ মাস গণনা শুরু হবে?
 

  • প্রথম বিল অব এন্ট্রি দাখিলের তারিখ থেকে;
  • এলসি খোলার তারিখ থেকে না;
  • প্রোফর্মা ইনভয়েসের তারিখ থেকে না; বা
  • শিপমেন্টের তারিখ থেকেও না।


এখানে, গণনা শুরু হবে প্রথম বিল অব এন্ট্রি দাখিলের তারিখ থেকে ২৪ মাস।


ব্যাখা: ধরি, একটি কোম্পানি ফ্যাক্টরি সেটআপের জন্য একটি প্রোডাকশন লাইন আমদানি করছে। পুরো মেশিন একসাথে আসছে না। ধরি, প্রথম চালানের বিল অফ এন্ট্রি দাখিলের তারিখ ১ জুলাই ২০২৫।
 

চালান

কী আসছে

পোর্টে আসার তারিখ

বিল অব এন্ট্রি দাখিলের তারিখ

প্রথম চালান

মেইন মেশিন

২৫ জুন ২০২৫

১ জুলাই ২০২৫

দ্বিতীয় চালান

কন্ট্রোল প্যানেল

১০ ডিসেম্বর ২০২৫

১৫ ডিসেম্বর ২০২৫

তৃতীয় চালান

ইনস্টলেশন পার্টস

১৫ জুন ২০২৬

২০ জুন ২০২৬

চতুর্থ চালান

বাকি পার্টস

৫ জানুয়ারি ২০২৭

১০ জানুয়ারি ২০২৭

 

এখানে সমস্যা নেই, কারণ সব চালান প্রথম বিল অব এন্ট্রি তারিখ থেকে ২৪ মাসের মধ্যে এসেছে। কিন্তু যদি শেষ চালান আসে আগস্ট ২০২৭, তাহলে সেটা ২৪ মাসের বাইরে চলে যাবে। তখন এক্সটেনশন না থাকলে সমস্যা হতে পারে।

তবে, যদি এটা উন্নত প্রযুক্তির বৃহৎ শিল্প হয় এবং বাস্তব কারণে ২৪ মাসে আমদানি শেষ করা না যায়, তাহলে আমদানিকারক সময় বাড়ানোর আবেদন করতে পারে।

 

সময় বাড়ানোর ধাপটা এমন:
 

  • প্রথমে কমিশনার সর্বোচ্চ ১২ মাস সময় বাড়াতে পারেন।

  • এরপরও প্রয়োজন হলে এনবিআর মেম্বার, কাস্টমস: পলিসি ও আইসিটি আরও সর্বোচ্চ ১২ মাস সময় বাড়াতে পারেন।

  • এরপরও প্রয়োজন হলে এনবিআর যুক্তিসঙ্গত সময় বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।


 

আমদানি করা মেশিনারি কোথায় ব্যবহার করতে হবে?
 

এসআরও অনুযায়ী, আমদানি করা মেশিনারি, প্ল্যান্ট, পার্টস বা অন্যান্য অংশ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কাজে ব্যবহার করতে হবে। এখানে “স্থাপনের কাজে ব্যবহার” মানে হলো, মেশিনারি/প্ল্যান্ট/পার্টস ওই শিল্প প্রতিষ্ঠানে বসানো/ইনস্টল করা হবে এবং এরপর সেটি ওই প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যবহার হবে।


কাস্টমস থেকে খালাসের পর যদি অন্য কাজে ব্যবহার করা হয়, হস্তান্তর করা হয় বা মালিকানা পরিবর্তন করা হয়, তাহলে ওই আমদানি করা পণ্যের উপর স্বাভাবিক ও প্রযোজ্য হারে শুল্ক ও কর দিতে হবে।


এই বিষয়ে আমদানিকারককে সংশ্লিষ্ট কাস্টমস কমিশনারের কাছে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

 

 

কাস্টমস থেকে মেশিনের ইনস্টলেশন ভেরিফিকেশনের কোন নিয়ম আছে?

 

  • হ্যাঁ, আছে। সর্বশেষ পণ্য চালান খালাসের ৬ মাসের মধ্যে আমদানি করা মেশিনারি, প্ল্যান্ট, পার্টস বা অন্যান্য অংশ যথাযথ স্থানে যথাযথভাবে স্থাপন করা হয়েছে কি না, তা যাচাই করা হতে পারে।
  • এই যাচাইয়ের জন্য কাস্টমস কমিশনার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ মতামত নিতে পারেন। এ সংক্রান্ত খরচ আমদানিকারককে বহন করতে হবে।
  • যদি বিশেষজ্ঞ মতামতে পাওয়া যায় যে মেশিনারি যথাস্থানে যথাযথভাবে স্থাপন করা হয়েছে, তাহলে অঙ্গীকারনামা ফেরত দেওয়া হবে। অন্যথায় প্রযোজ্য হারে শুল্ক ও কর আদায়যোগ্য হবে।
  • তবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কমপ্লায়েন্ট শিল্প প্রতিষ্ঠান যদি একক কাস্টমস স্টেশনের মাধ্যমে শুধু ক্যাপিটাল মেশিনারি, পার্টস বা উভয় আমদানি করে, তাহলে অঙ্গীকারনামা, ইনস্টলেশন ভেরিফিকেশন এবং অঙ্গীকারনামা ফেরত সংক্রান্ত কিছু শর্ত সাধারণভাবে প্রযোজ্য হবে না। তবে কাস্টমস কমিশনার প্রয়োজন মনে করলে কারণ উল্লেখ করে এসব শর্ত পালনের নির্দেশ দিতে পারেন।

 

 

কমার্শিয়াল আমদানিকারকের ক্ষেত্রেও সুবিধা আছে কি?
 

এসআরও অনুযায়ী, ভ্যাট কমপ্লায়েন্স শর্ত পূরণ করলে কমার্শিয়াল আমদানিকারক বিক্রয় বা হস্তান্তরের উদ্দেশ্যে এসআরও-এর টেবিলে উল্লেখিত ক্যাপিটাল মেশিনারি ও পার্টস আমদানি করতে পারবে। এই ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের অঙ্গীকারনামা সংক্রান্ত শর্ত প্রযোজ্য হবে না।


তবে কমার্শিয়াল আমদানিকারক যদি ভিন্ন ভিন্ন চালানে প্ল্যান্ট আকারে ক্যাপিটাল মেশিনারি ও পার্টস আমদানি করে, তাহলে রেয়াতি সুবিধার কারণে শুল্ক-কর পার্থক্যের সমপরিমাণ আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি দিয়ে প্রোভিশনাল অ্যাসেসমেন্ট সুবিধা পেতে পারে। পরবর্তীতে চূড়ান্ত অ্যাসেসমেন্ট শেষ হলে সেই ব্যাংক গ্যারান্টি ফেরতযোগ্য হবে।


 

আমদানিকৃত মেশিনারি কাঁচামাল বা ইনপুট হিসেবে ব্যবহার করলে কী হবে?


কোনো উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান যদি এই এসআরও-এর টেবিলভুক্ত ক্যাপিটাল মেশিনারি বা পার্টস নিজের উৎপাদনের কাঁচামাল বা উপকরণ হিসেবে ব্যবহার করার জন্য আমদানি করে, তাহলে প্রডিউসার হিসেবে এই এসআরও-এর রেয়াতি সুবিধায় আমদানি করতে পারবে না। তবে এসআরও-তে বলা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে তাকে প্রডিউসার হিসেবে গণ্য না করে কমার্শিয়াল আমদানিকারকের মতো রেয়াতি সুবিধা দেওয়া যেতে পারে।


 

কিছু ক্ষেত্রে দফা ১ (কারা এই সুবিধা পাবে) ও দফা ৯ (পণ্য আমদানি ও খালাস করতে হলে “ভ্যাট কমপ্লায়েন্স সিস্টেম-এ তথ্য থাকতে হবে) এর শর্ত প্রযোজ্য হবে না।


যেমনঃ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, দূতাবাস, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থা, সরকারের নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান এবং নিজস্ব ব্যবহারের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক আমদানির ক্ষেত্রে।


এছাড়া নতুন শিল্প প্রতিষ্ঠান যদি নতুন শিল্প স্থাপনের উদ্দেশ্যে ক্যাপিটাল মেশিনারি ও প্রাথমিক পার্টস আমদানি করে, সেই ক্ষেত্রেও দফা ১ ও দফা ৯-এর শর্ত প্রযোজ্য হবে না। আর যেসব প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল আইআরসি নেওয়ার বাধ্যবাধকতা নেই এবং ভ্যাট কমপ্লায়েন্ট হিসেবে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তারা যদি বিক্রয় বা হস্তান্তরের উদ্দেশ্যে নয়, নিজস্ব ব্যবহারের জন্য আমদানি করে, সে ক্ষেত্রেও উল্লিখিত শর্ত প্রযোজ্য হবে না।


তাই সহজ সিদ্ধান্ত হলোঃ “ক্যাপিটাল মেশিনারি আমদানি করলে ভ্যাট লাগে না”, এই কথাটি সরাসরি বললে ভুল বোঝাবুঝি হতে পারে। সঠিক কথা হল, এসআরও-এর টেবিলে থাকা যোগ্য এইচএস কোডের মেশিনারি বা পার্টস আমদানি করলে এবং এসআরও-এর শর্ত পূরণ করলে কাস্টমস ডিউটি ১% পর্যন্ত থাকবে, ভ্যাট অব্যাহতি পাবে এবং সম্পূরক শুল্ক, যদি থাকে, সেটিও অব্যাহতি পাবে।


 

রেফারেন্সঃ এনবিআর এসআরও নম্বর ১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস, তারিখ: ২৯ মে ২০২৫।

 

 

ধন্যবাদ।

Created by

Mr. MD. Morshedul Alam, ACMA (ICMAB), has over 10 years of professional experience, including 8+ years in accounts and finance across FMCG, Non-Profit, Power Generation, and Service sectors. He is also pursuing CA under ICAB, having completed 1100 out of 1600 marks. He specializes in financial reporting, budgeting, costing, taxation, cash flow management, internal audit, forensic audit, financial modeling, valuation, and business analysis. Skilled in analytics, Excel, ERP systems, business process redesign, and IFRS, he combines CMA (ICMAB) and MBA credentials with strong business acumen. Currently, he works in a managerial position at Hoda Vasi Chowdhury & Co, focusing on Audit, Valuation, and Corproate Advisory. His past roles include Bangla Trac Limited, Gemcon Group, Bangladesh University, and Gweebarra Bakery Industry Ltd. (Cooper’s). As a professional trainer, he has conducted numerous training sessions and workshops, and has trained over 2,000 corporate professionals and ICMAB students.

  • Founder, CEO and Lead Trainer of Analyst Skill
  • Professional Accountant - ACMA (Associate Cost & Management Accountant) from ICMAB
  • CA - Advance Level (ICAB)
  • MBA in International Business(DU) and BBA in Accounting (EWU)
  • PGD in Tax, VAT & Customs (DCCI)
  • Member, Institute of Internal Auditors (IIA)
  • Currently working in managerial position in Hoda Vasi Chowdhury & Co. Chartered Accountants
  • Former Lead Financial Analyst, Bangla Trac Limited (BanglaCAT)

View profile

Comments (0)